
নিউজ ডেস্কঃ এখন থেকে কোনও ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো বা স্টিকার ব্যবহার করা যাবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ‘এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোনও যানবাহনে ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, আমরা লক্ষ্য করছি, অনেকে মোটরসাইকেল বা গাড়িতে ছাত্রলীগের লোগো ব্যবহার করে ঘুরে বেড়ায়। তারা যদি কোনও ধরনের অনিয়ম করে, তাহলে এতে সংগঠনের বদনাম হয়। নিয়ম-কানুন মেনে যদি লোগো ব্যবহার করে তাহলে কোনও সমস্যা হয় না।