
নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের আরেকটি সুখবর দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এক্ষেত্রে ভবিষ্যতে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসেই ভোট দিতে পারবেন। যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার হওয়ার কার্যক্রম উদ্বোধনের সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডন হাইকমিশনে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এমন পরিকল্পনার কথা জানান । লন্ডনে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অনলাইনে প্রবাসীদের ভোটার করে নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া দীর্ঘদিনের দাবি ছিল। এটা পূরণ হলো। লন্ডনে কার্যক্রমটি শুরু হলো, যা ঐতিহাসিক ঘটনা। পরবর্তীতে প্রবাসে বসে ভোট দিতে পাররেন, এটা সেটারই একটা উদ্যোগ। তিনি বলেন, আমরা চার নির্বাচন কমিশনারকে চার দেশের দায়িত্ব দিয়েছি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদান সিঙ্গাপুর প্রবাসীদের, রফিকুল ইসলাম যুক্তরাজ্যের, শাহাদাত হোসেন চৌধুরী দুবাই এবং কবিতা খানম মালয়েশিয়ার প্রবাসীদের অনলাইনে ভোটার করে নিয়ে এনআইডি সরবরাহের বিষয় সমন্বয় করছেন।
সিইসি বলেন, যারা অন্য দেশের নাগরিক, তাদের দ্বৈত নাগরিকত্ব নিতে হবে। অন্যথায় ভোটার করা হবে না। এজন্য হাইকমিশন, দূতাবাসের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে দ্বৈত নাগরিকত্ব নিতে হবে। এটা একদম সহজ। কোনো কঠিন বিষয় নয়। আমরা চিঠি দিয়ে স্বল্প সময়ে যাতে আপনাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয়, তার জন্য বলবো। আর দেরি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি দিলেও আমরা আমলে নেবো। তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বলেন, ইভিএম একটা নতুন প্রযুক্তি। নতুন প্রযুক্তির সমালোচনা থাকবেই। তবে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনে ইতিবাচক সাড়া পেয়েছি। কোনো নেতিবাচক সাড়া পায়নি। নির্বাচন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, লন্ডনে এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য একাকার হয়ে গেল। ভবিষ্যতে প্রবাসেই বসেই ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা হবে।