
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত দিদার লস্কার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শৈলকুপার রাজনগর গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী দিদার লস্কর। পর দিন নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামি দিদার লস্করকে ফাঁসির আদেশ দেন আদালত। মামলায় অপর দুই আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এ মামলা থেকে খালাস দেয়া হয়।