
নিউজ ডেস্কঃ ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ এবং ৬২ বা তদূর্ধ্ব বয়সের নারীদের ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের- জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মীর মোস্তাক আহমেদ রবির (সাতক্ষীরা-২) প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতি বছরই বয়স্কভাতা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে সারাদেশে ৪৪ লাখ মানুষকে বয়স্কভাতা প্রদান করা হচ্ছে। সেই হিসেবে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ এবং ৬২ বা তদূর্ধ্ব বয়সের নারীদের ভাতা প্রদান করবে সরকার।