
নিউজ ডেস্কঃ কয়েকদিন আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন-তিনি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। তার এ কথা চিরকুটে লিখে রাখলাম। এ কথায় হাসতে হাসতে আমি হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনীতির ‘খারাপ অবস্থার’ জন্য অর্থমন্ত্রীকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, স্ব-স্বীকৃত এক নম্বর অর্থমন্ত্রী দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন আপনারাই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বীকার করেছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। গত বুধবার জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা তৈরিতে বিল নিয়ে আলোচনা বিরোধীদের সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।