
নিউজ ডেস্কঃ মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও প্রভাবশালী ঠিকাদার কথিত যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কে ইমরুল কায়েস দুজনের মামলা আমলে নিয়ে অন্য আদালতে বদলির আদেশ দেন। খালেদ মাহমুদ ভূঁইয়ার মাদক মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। আর জি কে শামীমের মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মার্চ। জি কে শামীমের মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে ২৫ মার্চ। আদালত সূত্রে জানা গেছে, শুনানির দিন থাকায় কারাগার থেকে খালেদ ও শামীমকে আদালতে হাজির করা হয়। মাদক মামলায় খালেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় গত বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন র্যাব-৩–এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।