News71.com
 Bangladesh
 09 Feb 20, 06:31 PM
 68           
 0
 09 Feb 20, 06:31 PM

সিসি ক্যামেরায় ধরা বিমানবন্দরে ব্যাগ চুরি করা সেই ব্যক্তি॥

সিসি ক্যামেরায় ধরা বিমানবন্দরে ব্যাগ চুরি করা সেই ব্যক্তি॥

নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের ব্যাগ চুরি নতুন কিছু নয়। কষ্টে অর্জিত পুঁজি নিয়ে দেশে নামতেই একটি চক্র বিমানবন্দর থেকে চুরি করে নিয়ে যায় তাদের সম্পদ। এরকম চার-পাঁচটি চুরির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। সিটিটিভির ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এপিবিএন দেখতে পায়, ছোট ব্যাগ চুরির সব ঘটনা ঘটিয়েছেন একজন ব্যক্তি। ব্যক্তির নাম আব্দুল কাদির (৪৫)। বিদেশ থেকে আগত যাত্রীদের লাগেজ-ব্যাগ চুরিই তার পেশা ছিল। তিনি বিমানবন্দরের কোনো কর্মী না হলেও ক্যানোপিতে এসে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন, যেন বিদেশফেরত কোনো প্রিয়জনকে নিতে এসেছেন।

তাকে ধরতে গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিমানবন্দরের ক্যানোপিতে অবস্থান নেন এপিবিএন সদস্যরা। বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। প্রবাসীদের স্বজনদের ভিড়ে মিশে গিয়ে তাদের ব্যাগ চুরির সময় হাতেনাতে আটক হন ওই ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, আব্দুল কাদির ক্যানোপিতে ঘোরাফেরা করে নজর রাখতেন গাড়ির জন্য অপেক্ষমান কোনো প্রবাসীর ট্রলির দিকে। ট্রলির উপরে রাখা সহজে বহনযোগ্য ছোট হাতব্যাগটি হয় তার টার্গেট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীরা যখন গাড়িতে ওঠার জন্য ক্যানোপিতে আসেন তখন তাদের অনেকেই অপেক্ষমান স্বজনদের দেখে আবেগ আপ্লুত ও অন্যমনস্ক হয়ে পড়েন। ঠিক এই সুযোগে হাতব্যাগটি নিয়ে চম্পট দেন কাদির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন