
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের সব ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণেই হারিয়ে যাচ্ছে তুরাগ নদ। ভরাট থাকার কারণে বুধবার নদীর যেখান থেকে ফেরত আসতে হয়েছে বিআইডব্লিউটিএকে, আজ সেখান থেকে বর্জ্য অপসারণ করা হয়। নগরবাসী ও বিআইডব্লিউটিএ জানিয়েছে, জনপ্রতিনিধিদের আশ্রয়-প্রশ্রয়েই তুরাগ দখল হয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে নদী ভরাটের জন্য জেলা প্রশাসনের ওপর দোষ চাপালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরেজমিন পরিদর্শন শেষে নৌ সচিব সমন্বয়ের মাধ্যমে নদী দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। দেখলে মনে হবে বিশাল ভাগাড় বা বর্জ্যের ডাম্পিং স্টেশন।
গাজীপুর সিটি করপোরেশন যেন পরিকল্পিতভাবে বিশাল ড্রেন দিয়ে শহরের সব ময়লা ফেলে তুরাগ ভরার কাজ হাতে নিয়েছে। অথচ এ তুরাগকে ক’দিন আগেই জীবন্ত সত্তা ঘোষণা করেন উচ্চ আদালত। স্থানীয় বাসিন্দা ও বিআইডব্লিউটিএ জানায়, সিটি করপোরেশনের নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা না থাকা ও তাদের অসহযোগিতার কারণেই তুরাগ আজ প্রায় মৃত। অভিযোগ অস্বীকার করে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার জন্য স্থানীয় কাউন্সিলর উল্টো দোষ চাপালেন জেলা প্রশাসনের ওপর। গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন, দেশবাসীর সামনে বলছি, একটা প্রমাণ দেখাতে পারলে আমি এখন কাউন্সিলর পদ থেকে রিজাইন করব। প্রতিদিন আমাদের ৫০০ টন বর্জ্য হয় কিন্তু ১০০ টন বর্জ্য ফেলার মতো জায়গাও আমাদের নেই।