
নিউজ ডেস্কঃ ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে সবুজ হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা হলেও বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সবুজসহ ৪ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।