
নিউজ ডেস্কঃ একেতো স্কুল থেকে চুরি যাওয়া ল্যাপটপ। যে কারণে পুলিশ প্রশাসন ছিল চোর ধরতে তৎপর। তার মাঝে চোর দলের এক সদস্য আবারো সেই চুরি যাওয়া ল্যাপটপ নিয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে পুলিশের চোর ধরার কাজকে আরো বেশি সহজ করে দিলো। ফেসবুকের পোষ্ট দেখে চট্টগ্রামে আটক হয়েছে তিন চোর। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দু’টি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর। আর ঘটনা ঘটেছে নগরীর কোতোয়ালী থানা এলাকায়। গ্রেফতারকৃত চোর দলের সদস্যরা হলেন- জাকির হোসেন (৩১), নাহিয়ান উল হক খান (২৭) এবং মজিবুর রহমান (৩০)। এদের মধ্যে জাকির হোসেন হলো মূল চোর। আর বাকি দু’জন চোরাই সামগ্রীর বিক্রেতা। গত ২৮ জানুয়ারি সন্ধ্যার পর নগরীর লাভ লেইন বৌদ্ধ মন্দির মোড় সংলগ্ন সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভেতর থেকে চুরি হয়েছিলো ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর এবং ১টি নোটপ্যাড। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বদরুন নেছা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।