
নিউজ ডেস্কঃ একটি চলচ্চিত্রনির্মাতা সংস্থার কর ফাঁকির মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তামিল সুপারস্টার বিজয়কে। আয়কর ফাঁকির দায়ে অভিযুক্ত এজিএস সিনেমার সম্পত্তি ও চলচ্চিত্রের নিয়ন্ত্রণে থাকা আনবু চেলিয়ানের খোঁজে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। ‘এজিএস সিনেমা’ বিজয় অভিনীত ছবি ‘বিগিল'-এর প্রযোজনা করেছিল। ২০১৭ সালের অক্টোবরে বিজয় অভিনীত ‘মার্শাল' ছবিটির বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল, ছবির সংলাপে জিএসটি ও নোট বন্দির বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে। সেখানে সমালোচনা করে হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিরও। বিজেপি চেয়েছিল ছবি থেকে সেই সব সংলাপ সেন্সর করে দেওয়া হোক। তাদের দাবি, ওখানে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে অসত্য পরিবেশিত হয়েছে। জিএসটি প্রচলন করার পর তামিলনাড়ুতে প্রায় ১ হাজার সিনেমা হল বন্ধ রাখা হয় দীর্ঘদিন। তাদের প্রতিবাদ ছিল জিএসটির সঙ্গে স্থানীয় কর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।