
নিউজ ডেস্কঃ বিরোধী দল জাতীয় পার্টির তীব্র বিরোধিতা ও বিএনপির সদস্যদের (এমপি) ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল-২০২০’ বিল পাস হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাসের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা বিলটি প্রত্যাহারের দাবিও জানান।
সম্প্রতি সময়ে কোনো বিল পাসের সময় এ ধরনের তীব্র বিরোধিতা দেখা যায়নি। বিরোধিতাকারী সংসদ সদস্যরা এই বিলটিকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে বিলের উপর নিজেদের দেওয়া সংশোধনী প্রস্তাবগুলোও প্রত্যাহার করে নেন। পরে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিল পাসের আগে সংসদে উপস্থিত বিএনপির তিন এমপি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। বিলের তীব্র বিরোধিতাকারী জাতীয় পার্টির সদস্যরা ওয়াকআউট না করলেও বিলটি কণ্ঠভোটে দিলে তারা না ভোট দেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার ভোটে বিলটি পাস হয়।