
নিউজ ডেস্কঃ কক্সবাজারে ঘুরতে গিয়ে হোটেলে অতিরিক্ত ‘ইয়াবা সেবন’ করে ঢাকার দুই বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছেন। তারা হলেন আবির রহমান রুমি (২৪) ও মোহাম্মদ আরেফিন (২৫)। রোববার কক্সবাজারে একজন এবং আরেকজন সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রুমি, আরেফিন, মুনতাসির তাহামিদ নিসর্গ ও আরেক যুবক গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে যান। শনিবার সাগরপাড়ের একটি হোটেলে ইয়াবা সেবনের পর অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং সেখানে একজন মারা যায়। হাসপাতালের চিকিৎসকদের বরাতে কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান বলেন, অতিরিক্ত মাদক সেবনের কারণে চার ছাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, দুই ছাত্র গত দুই দিনে মারা গেছেন। তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।