
নিউজ ডেস্কঃ চীনের উহান থেকে ফেরত আসাদের মধ্যে যে ৮ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মূলত ফেরত আসা ৩১২ বাংলাদেশির কারো শরীরেই করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মিরজাদি সাবরিনা ফ্লোরা। তিনি বলেন, উহান থেকে আসা ৭ বাংলাদেশিকে পরীক্ষা শেষে আবারো ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে। আর আন্তঃসত্ত্বা নারীর ঝুঁকি থাকায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশির বিমানে থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন আট জনের তাপমাত্রা থাকায় তাদের হাসপাতালে রাখা হয়।