
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শক্তি বিবেচনায় না নিয়ে হরতাল ডেকে বিএনপি ভুল করেছে বলে মনে করেন দলটির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী। আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতালের উপযোগিতা আর নেই বলেও মন্তব্য করেন সিনিয়র এই নেতা। রোববার (০২ ফেব্রুয়ারি) বনানী ডিওএইচএস এলাকায় নিজ বাসভবনে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। শমসের মবিন বলেন, হরতালকে কার্যকর করার শক্তি বিএনপি’র নেই। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, হঠাৎ করে কার নির্দেশে হরতাল ডাকা হলো, তা বোধগম্য নয়। তিনি মনে করেন, বিএনপি’র সিংহভাগ সিনিয়র নেতাই এই হরতালের সিদ্ধান্তে দ্বিধান্বিত। এই অকার্যকর হরতাল বিবেচনায় নিয়ে বিএনপি’র এখনই আত্মমূল্যায়ন করা উচিত। হরতাল নিয়ে একজন বিদেশি কূটনীতিকের গবেষণা কর্মের উদ্ধৃতি দিয়ে শমসের মবিন বলেন, ২০১৩ সালে হরতাল আংশিক কার্যকর থাকলেও পরবর্তীতে তা অকার্যকর বিষয়ে পরিণত হয়ে গেছে। হরতালের মতো কর্মসূচির কারণে তরুণ নেতা ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল মামলায় জড়িয়ে ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার কম হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেন তিনি। নির্বাচনের আগে বিএনপি’র প্রচারে নির্বাচন কমিশন ও ইভিএম নিয়ে ঢালাও সমালোচনাও ভোটারদের নেতিবাচক বার্তা দিয়েছে। যা তাদের নিরুৎসাহিত করেছে ভোটকেন্দ্রে আসতে।