
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন শেখ ফজলে নূর তাপস। উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম। এর মধ্যে ফজলে নূর সংসদ সদস্যের পদ ছেড়ে মেয়র নির্বাচনে অংশ নেন। আর আতিকুল ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হয়ে ৯ মাস মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি। গতকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে দুই সিটিতে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে নয়টার দিকে শেখ ফজলে নূর ও আতিকুল ইসলাম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী দুজনকে ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, এ বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এবার দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ হয়েছে।
গতকাল দিনগত রাত পৌনে একটায় ঢাকা দক্ষিণের ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। তাতে শেখ ফজলে নূর পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। তাপস ক্ষমতাসীন দলেরই বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণের সাত মেয়র প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট। গণফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী বাহারানে সুলতান পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মো. আকতারুজ্জামান পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট। অন্যদিকে ঢাকা উত্তর সিটিতে মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে গত রাত সোয়া ১টা পর্যন্ত ১২০৫টির ফল ঘোষণা করা হয়। তাতে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৪১ ভোট।