News71.com
 Bangladesh
 02 Feb 20, 11:05 AM
 119           
 0
 02 Feb 20, 11:05 AM

বঙ্গবন্ধু থিমেই সেজেছে অমর একুশে গ্রন্থমেলা ॥ উদ্বোধন আজ বিকেলে

বঙ্গবন্ধু থিমেই সেজেছে অমর একুশে গ্রন্থমেলা ॥ উদ্বোধন আজ বিকেলে

নিউজ ডেস্কঃ ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে। অপেক্ষা এখন বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। পাঁচটায় সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বই মেলা। এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এ মেলা সবার জন্য স্বাচ্ছন্দ্যের হবে এমন প্রত্যাশা সংস্কৃতি প্রতিমন্ত্রীর। প্রস্তুত হয়েছে বাংলা একাডেমির সাত লাখ বর্গফুটের নান্দনিক প্রাঙ্গণ। অপেক্ষা এখন শুধু প্রাণের উচ্ছ্বাসের, তবেই তো পূর্ণতা পাবে বাঙালির পরম আরদ্ধ উৎসব অমর একুশে গ্রন্থমেলা। শিকড়, সংগ্রাম, মুক্তি এবং অর্জন এ চার ভাগে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। শিশুদের হুল্লোড়ের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত পরিসর। গ্রন্থ উন্মোচনের জন্য তৈরি বর্ণিল মঞ্চ। লেখক তো কথা বলবেনই, লেখকদের সাথে পাঠকের সন্ধি ঘটবে লেখক বলছি মঞ্চে। ভাষা শহীদের স্মৃতির প্রতি নিবেদিত এই উৎসবে এবার ভিন্ন আঙ্গিক ও নতুন মাত্রা যোগ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এ উৎসবে সমস্ত থিমেই থাকছেন বঙ্গবন্ধু। কোনো কোনো প্রকাশনা সংস্থার প্যাভিলিয়নের ডিজাইনে স্থান পেয়েছে জাতির পিতার ৩২ নম্বর বাড়ির অবয়ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন