
নিউজ ডেস্কঃ ভারতের অনেক স্থানীয় সরকার নির্বাচনের চেয়েও সুন্দর পরিবেশে ঢাকার দুই সিটিতে ভোট হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় নির্বাচনের দিকে তাকাই সেই বিচারে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশে হচ্ছে।’ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তারা উপস্থাপন করেছিল। আজকেও সকাল বেলা থেকে সেটা উপস্থাপন করছে। তারা দুপুর বেলা কী বলবে সেটা ঠিক করে রেখেছে। বিকাল বেলা কী বলবে সেটা ঠিক করে রেখেছে। এবং নির্বাচনের ফলাফল যে রকমের হয় সে রকমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখনো পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে, এটা সত্যি। তবে সার্বিক বিবেচনায় ঢাকা শহর একটি পৃথিবীর বড় শহর। ৫৪ লাখ ভোটার। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময়। এখনো পর্যন্ত মানুষ যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটারধিকার প্রয়োগ করছে। আমি মনে করি অতীতের যেকোনো সময়ের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো।’