
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চীনের উহান থেকে দেশে ফেরা ৩১৬ বাংলাদেশির মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের আশকোনায় হজ ক্যাম্পে রাখা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের কাছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে চারজনের শরীরে জ্বর এবং বাকি তিনজনের সর্দি ছিল। সংশ্লিষ্টরা জানান, উহান থেকে ফেরা ব্যক্তিরা আপাতত স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না। বিমানবন্দর থেকে তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের রাখা হবে। স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ১৪ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হতে পারে। তারপর তাদের শরীরে করোনাভাইরাস নেই এটা নিশ্চিত হলে বাড়ি ফিরতে পারবেন তারা। চীন থেকে ফেরত আসাদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা আশা করছি ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্ত কেউ নেই। তারপরও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজ ক্যাম্পে তাদের রাখা হবে। সেখানে আমাদের চারটি মেডিক্যাল টিম থাকবে। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হবে।