
নিউজ ডেস্কঃ নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আজকে সকাল শুরু হয়ে হয়েছে বড় নির্বাচনী বিধি লঙ্ঘনের মধ্যে দিয়ে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তিনি ভোট দিতে গিয়ে সিটি কলেজে যে বক্তব্য রেখেছন সেটা সরাসরিভাবে বিধিলঙ্ঘন, নির্বাচনে হস্তক্ষেপের সামিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভোট দান শেষে নৌকা মার্কায় ভোটদানের আহ্বান জানান যা নির্বাচন বিধির মধ্যে পড়ে না এবং আচরণবিধি পরিপন্থি। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে দুপুর ২টার পর তারা টেকনিশিয়ান এনে ইভিএমের পিনকোর্ড খুলে তাদের (ক্ষমতাসীনরা) চাহিদা মতো ভোট নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ভোটকেন্দ্রে আসা সাংবাদিকরা পর্যন্ত ছাড় পাননি, তাদের ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, এ নির্বাচনের আগে আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ ও দখলে রাখার জন্য নির্দেশ দিয়েছিল, এ নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ভোটকেন্দ্র ও আশেপাশের পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সঞ্চার করে।