
নিউজ ডেস্কঃ সরকারি খাসজমির দখল নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও জনপ্রতিনিধিসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।সূত্রে জানা যায়, খাস জমি নিয়ে বানিয়াচং উপজেলা সদরের দোয়াখানী এবং প্রথমরেখ গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম, ওসি রঞ্জন কুমার সামন্তসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় খড়ে আগুন লাগিয়ে দেয় তারা। পরে বানিয়াচং ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।