News71.com
 Bangladesh
 31 Jan 20, 10:54 AM
 76           
 0
 31 Jan 20, 10:54 AM

ওয়াজ মাহফিলে সরকারের বাধা দেওয়ার অভিযোগ তুলে সংসদে বিএনপি’র হট্টগোল॥

ওয়াজ মাহফিলে সরকারের বাধা দেওয়ার অভিযোগ তুলে সংসদে বিএনপি’র হট্টগোল॥

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে-বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের এমন অভিযোগে ঘোর আপত্তি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। এনিয়ে সংসদ অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপি সংসদ সদস্য হারুন অর রশীদ দাবি করেন, দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের লোকরা সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা তাফসির মাহফিল করতে গেলে আপত্তি আসছে। নিষেধাজ্ঞা আসছে। এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।

তার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামি কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না বলে জানান আওয়ামী লীগের বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, বাংলাদেশে ইসলাম আছে এবং থাকবে। বাংলাদেশে যাতে এটি কার্যকর হয়, এই ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং বাংলাদেশ চিরদিনই মুসলিমদের স্বার্থ রক্ষা করে চলবে। তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি, তারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সমানভাবে সুযোগ দিই। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, থানা, জেলা লেভেলে সব জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, মাহফিল হচ্ছে। সেখানে আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে। মানুষকে ইসলামের পথে আসার জন্য দীক্ষা দেয়া হচ্ছে। শুধুমাত্র জামাতিপন্থায় মানুষদের যাতে শিক্ষা-দীক্ষা না দেয়, এ দেশটাকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটা ঠেকানোর জন্য আমরা অনেক সময় বলে থাকি, এটা যেন না হয়। কিন্তু ইসলামি কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন