
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের আরেকজন সহকারী একান্ত সচিবসহ (এপিএস) তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন যুগ্ম প্রধান এবং একজন খাদ্য পরিদর্শককেও তলব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন- মেয়র সাঈদ খোকনের এপিএস আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য পরিদর্শক খোরশেদ আলম। তাঁদের ১০ ফেব্রুয়ারি সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।