
নিউজ ডেস্কঃ পরিবেশ দূষণ বিরোধী অভিযানে আমিনবাজার পাওয়ার হাউজের পাশে অবস্থিত ৩ টি অবৈধ পাইরোলাইসিস কারখানা ও ১টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ এবিএম ব্রিকস ইটভাটার মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি আমিনবাজার মধুমতি মডেল টাউনে ৩টি ব্যাটারি ভাঙার কারখানা ও গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পর্যায়ক্রমে বায়ুদূষণকারী সকল অবৈধ ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ এবং প্রয়োজনে ভেঙে দেওয়া হবে। উল্লেখ্য, পাইরোলাইসিস রিসাইক্লিং অয়েল ম্যানুফ্যাকচারিং ফাক্টরীগুলোতে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ডিজেলের বিকল্প জ্বালানি তেল তৈরি করা হয়। অবৈধভাবে টায়ার পোড়ানো কারখানা হতে নগরীর বাতাসে ছড়িয়ে পড়ছে কার্বন মনো অক্সাইড, নাইট্রোজেন ও মিথেনসহ ১৬ ধরণের ক্ষতিকর রাসায়নিক গ্যাস। ব্যাটারি ভাঙার কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে সিসা বের করা হয়।