
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়, দাতা ও আন্তর্জাতিক সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) নগরীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। অথচ দূষণ প্রক্রিয়ায় বাংলাদেশসহ বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ভূমিকা খুবই নগন্য। যেসব দেশ এর জন্য দায়ী তাদেরকে এ অবস্থা থেকে উত্তরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
রাষ্ট্রপতি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা এখন আর কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি এখন বৈশ্বিক সমস্যা তাই এর সমাধানে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ টেকসই উন্নয়নের জন্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের অধ্যাপক ড. পিটার স্যামন্ডস সম্মেলনের মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বায়নের এ যুগে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন তাত্ত্বিক জ্ঞানের সাথে প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয় এবং তার প্রায়োগিক রূপান্তর। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকাকে কেন্দ্র করে আজ সুনীল অর্থনীতির সুবর্ণ দুয়ার উন্মোচিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে।’