News71.com
 Bangladesh
 26 Jan 20, 10:35 PM
 91           
 0
 26 Jan 20, 10:35 PM

আইসিজের নির্দেশ উপেক্ষা করে আবারো রোহিঙ্গা হত্যা করল মিয়ানমার সেনা॥

আইসিজের নির্দেশ উপেক্ষা করে আবারো রোহিঙ্গা হত্যা করল মিয়ানমার সেনা॥

নিউজ ডেস্কঃ উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে দুই রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। নিহতদের একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে মিয়ানমারের এক সংসদ সদস্য ও স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণহত্যা থেকে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে আন্তর্জাতিক আদালত চারটি অন্তর্বর্তী আদেশ পালনের নির্দেশ দেওয়ার দুদিন পরেই এই ঘটনা ঘটলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার রোহিঙ্গাদের একটি গ্রামে গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া, এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। ২০১৭ সালে সামরিক বাহিনীর ধরপাকড়ে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের ওপর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা-নিন্দার মুখে পড়ে মিয়ানমার। জাতিসংঘ ২০১৭ সালের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করলেও বরাবরই তা অস্বীকার করে আসছে মিয়ানমার। সবশেষ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলার শুনানি শেষে গত ২৩ জানুয়ারি মিয়ানমারকে চারটি অন্তবর্তী আদেশ পালনের নির্দেশ দেন আইসিজে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন