News71.com
 Bangladesh
 26 Jan 20, 10:33 PM
 97           
 0
 26 Jan 20, 10:33 PM

আইন না মেনে অধিক শিক্ষার্থী ভর্তি॥৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জরিমানা

আইন না মেনে অধিক শিক্ষার্থী ভর্তি॥৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জরিমানা

 

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। আজ ২৬ জানুয়ারি, রবিবার বাংলাদেশ বার কাউন্সিলের রিভিউ আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- ইসলামিয়া ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি ও  ইস্টার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়কে লিভার ফাউন্ডেশন ও একটি বিশ্ববিদ্যালয়কে কিডনি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে। আদালতে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক। আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী পৃথক রিট করেন। এর শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। 

 

 

আদেশে শিক্ষার্থীদের বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন জানায়। আপিল বিভাগ প্রথমে ওই আবেদন খারিজ করে দিলে তা রিভিউ চেয়ে আবেদন করে বার কাউন্সিল। আজ রিভিউ আবেদনের নিষ্পত্তি করে ১০ লাখ টাকা জরিমানার ওই আদেশ দেন আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, আপিল বিভাগ ওই তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে লিভার ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনে দিতে বলেছেন। এই অর্থ জমা দেয়ার রসিদ বার কাউন্সিলে দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন