
নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলায় রিকশাভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ইলিয়াস শেখ (৪০)। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকায় গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইলিয়াস শেখের বাড়ি অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে। বাবার নাম হাকিম শেখ।পুলিশ ও এলাকাবাসীর কয়েকজনের ভাষ্য, ভোররাতে ইলিয়াস শেখ ও তাঁর এক সহযোগী অভয়নগরের পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত রিকশাভ্যান চুরি করে পালাচ্ছিলেন। ভোররাত চারটার দিকে ভ্যানটি চালিয়ে তিনি শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছান। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাঁকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনি দ্রুত ভ্যান চালাতে থাকেন। একপর্যায়ে তিনি ভ্যানসহ সড়কের পাশের গর্তে পড়ে যান। এ সময় এলাকাবাসী তাঁকে ঘিরে ফেলে পিটুনি দেন। এতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরেকজন পালিয়ে যান।খবর পেয়ে অভয়নগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।