News71.com
 Bangladesh
 23 Jan 20, 07:40 PM
 69           
 0
 23 Jan 20, 07:40 PM

ভবিষ্যৎ মেয়রদের কাছে রাজধানীর দরিদ্রদের সেবা নিশ্চিত করার দাবি॥

ভবিষ্যৎ মেয়রদের কাছে রাজধানীর দরিদ্রদের সেবা নিশ্চিত করার দাবি॥

নিউজ ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশনে বিজয়ী ভবিষ্যৎ মেয়রদের কাছে নগরের দরিদ্র মানুষদের সেবা নিশ্চিত করার দাবি করেছে তিনটি সংগঠন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে মেয়রদের কাছে প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে এ দাবি জানানো হয়। এ সংলাপ আয়োজন করে বারসিক, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)। লিখিত বক্তব্যে বারসিক সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, ফেব্রুয়ারি থেকে আমরা দু’জন নবনির্বাচিত মেয়র পাবো। এ মেয়রদের কাছে যেমন ধনী ও মধ্যবিত্তদের অনেক ধরনের প্রত্যাশা রয়েছে, তেমনি প্রত্যাশা রয়েছে নগরের বসবাসরত প্রায় ৪০ লাখেরও বেশি নিম্নআয়ের বস্তিবাসী ও পথবাসী মানুষের। বেসরকারি গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে বসবাসকারী এ মানুষেরা অধিকাংশই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে সর্বস্বান্ত হয়ে বাধ্য হয়েই গ্রাম ছেড়ে শহরে এসেছে। তিনি বলেন, আমরা সবাই জানি এ শহরের বস্তিবাসীরা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত থেকে শহরটি সচল রেখেছে। কিন্তু রাষ্ট্র এ দরিদ্র জনগোষ্ঠীর জীবন সচল রাখার জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। এ লোকেরাই ভোট দিয়ে মেয়রদের নির্বাচিত করেন। বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে রাজনৈতিক নেতাদের আরও বড় হওয়ার পথ তৈরি করে দেন। অথচ নির্বাচন শেষ হয়ে গেলেই কেউ এদের আর খোঁজ নিতে চায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন