
নিউজ ডেস্কঃ ৯৯৯ এ ফোন করে উত্যক্তকারী এক বখাটের কাছ থেকে রক্ষা পেলো ঝালকাঠির রাজাপুর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবার। পুলিশ নাঈম কাজী (১৯) নামে ওই ইভটিজারকে আটক করে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাঈম ওই গ্রাামের ফিরোজ কাজীর ছেলে। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, স্থানীয় সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী মেয়েটিকে প্রতিবেশী বখাটে নাঈম উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি আসলে বখাটে নাঈম রাস্তায় পথ আটকিয়ে উত্যক্ত করে। এসময় ছাত্রীটির বোন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় নাঈম সবাইকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। এদিকে বিষয়টি ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীর মাকেও গালাগাল ও হুমকি দেয়। পরে মেয়েটির পরিবারটি পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দেয়। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ আরও বলেন, ইভটিজিংয়ের ঘটনায় বুধবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। দুপুরে আমারা অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি।