
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) দুই সদস্যকে পুলিশের মোটরসাইকেল চাপা ও পিষে ফেলার হুমকির এবং এক সদস্যকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্র্যাব কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মী সদস্যসহ অন্যান্য সাংবাদিকরা। গত ২০ জানুয়ারি পরীবাগ এলাকায় বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খানকে পুলিশের মোটরসাইকেল চাপা ও অসৌজন্যমূলক আচরণ এবং মেরে ফেলার হুমকি দেয়। এর কয়েকদিন আগে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আসাদুজ্জামান শিমুলকে রড দিয়ে পেটায় সন্ত্রাসীরা। এই দুই ঘটনার প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়। দুই সাংবাদিককে মারধরের বিষয়ে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, পুলিশের কাজ জনগণের সেবা করা। অথচ এক পুলিশ কর্মকর্তা উল্টোপথে এসে দুই সাংবাদিককে চাপা দেয়, প্রতিবাদ করলে তাকে গালমন্দ করে, মেরে চলে যায়, এই হল পুলিশের আচরণ। তাদের আচরণ দেখে আমি অবাক। তার ওপর যে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়েছে সেটির নম্বর প্লেটও ভুয়া, এটা আরও বড় ধরনের ক্রাইম। আমরা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এই ঘটনাটির জন্য একজনকে অ্যাসাইন করেছেন। তিনি বলেন, আমরা জানি স্বাধীনতার সময় রাজারবাগে প্রথম রাইফেল হাতে প্রতিরোধ গড়েছিল পুলিশ বাহিনী। অথচ কয়েকজন সদস্যের জন্য গোটা বাহিনীর গৌরব নষ্ট হচ্ছে, জনগণের কাছে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি ঊর্ধ্বতনদের আহ্বান জানাবো আপনারা এইসব সন্ত্রাসীদের মতো আচরণকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে যেন বের করে দেয়া হয়।