
নিউজ ডেস্কঃ প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। স্ট্যাটাসে প্রয়াত রাষ্ট্রপতির জন্মদিন স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিএনপি প্রতিষ্ঠাতাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে উল্লেখ করেছেন নুর। এছাড়া জিয়াউর রহমানকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেন তাদের দলকানা বলে আখ্যা দেন ভিপি নুর। জিয়াউর রহমানকে নিয়ে ডাকসু ভিপির এমন স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।তার সেই স্ট্যাটাসের স্ত্রিনশট দিয়ে অনেকেই তাকে ছদ্মবেশী বিএনপি বলে অভিহিত করেছেন। কেউ কেউ তাকে ছাত্রদলের কর্মী বলেও উল্লেখ করেন। আবার নুরের সেই স্ট্যাটাসের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। নুরের সেই স্ট্যাটাসে ফিরোজ আলম লিখেছেন, শুধু মুক্তিযুদ্ধ কেন? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে মেরুদণ্ডের ওপর দাড় করিয়েছিলেন মেজর জিয়া। পাশা শাহিনর নামে একজন লিখেছেন, এবার আরও জোর গলায় প্রচার করা হবে নুর বিএনপি সমর্থক। আপনাদের জেনে রাখা উচিত নুর একজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাচ্ছে। এটা নিয়ে কেউ রাজনীতি না করুন। তবে নুরের সেই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।