
নিউজ ডেস্কঃ শরীয়তপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দাউদ ইব্রাহীম মোটরসাইকেল চালিয়ে, দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শুভ ঢালীর সামনে দিয়ে যাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দাউদ ইব্রাহীমকে ক্ষমা চাইতে বলেন শুভ। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শহরের দুবাই প্লাজার সামনে দাউদকে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় শুভ ও তার সহযোগীরা। স্থানীয়রা তাকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুভ'র মা জানান, এমনভাবে ভাঙছে, ওর হাতে অপারেশন ছাড়া উপায় নেই। শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি খুবই দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।