
নিউজ ডেস্কঃ ফ্রি ভিডিও কল ও চ্যাটের অ্যাপ বানিয়ে চমক সৃষ্টি করেছে ১০ বছর বয়সী এক বাংলাদেশি শিশু। এই বিস্ময় বালকের নাম আয়মান আল আনাম। চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র সে। গত বছরের ৩১ ডিসেম্বর গুগল প্লে স্টোরে অ্যাপটি আপলোড করে আয়মান। তার সাফল্য নিয়ে সোমবার (২০ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ। আপলোডের পর এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ আয়মানের অ্যাপটি ডাউনলোড করেছে। মায়ের নামে এ অ্যাপটির নাম রেখেছে আয়মান- লিটা ফ্রি ভিডিও কল। ১০ বছরের আয়মানের এই অ্যাপটি তৈরিতে ১০ মাস সময় লেগেছে। কোনো বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই সাফল্য পেয়েছে সে। তবে, নানা ধরনের ইউটিউব টিউটোরিয়ালের সহায়তা নিয়েছে সে।
নিউজ৭১কে আয়মান আল আনাম জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে মানুষ বেশি অ্যাপ নির্ভর হয়ে পড়েছে। কথা বলার জন্য হোয়াটসআপ, ইমো, ভাইবার ব্যবহার করছেন। আমার কাছে মনে হয়েছে আমাদের নিজেদের একটা কমিউনিকেশন অ্যাপ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমি উৎসাহিত হয়েছি। আয়মানের দাবি, অন্য সব যোগাযোগের অ্যাপের চেয়ে তার অ্যাপে ভালো মানের ভিডিও ও শব্দ পাওয়া যাবে। অন্য সব অ্যাপের তুলনায় এটি দিয়ে বড় আকারের ফাইল আদান-প্রদান সম্ভব।আয়মানের এই সফলতার বিষয়ে তার বাবা সালাম নিশাদ বলেন, জ্ঞান হবার পর থেকেই প্রযুক্তির প্রতি বেশ আগ্রহী দেখা গেছে আয়মানের।