
নিউজ ডেস্কঃ শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র দাউদ ইব্রাহীমকে হাতুড়িপেটা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে তার বাম হাত ভেঙ্গে গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ওঠেছে, এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি মেহেদী হাসান ওরফে শুভ ঢালী।শরীয়তপুর পালং মডেল থানা ও কলেজ সূত্র জানায়, রোববার সকালে শরীয়তপুর সরকারি কলেজ চত্বরে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন বিষয়টি কলেজের ছাত্রলীগ নেতারা মিটিয়ে দেন। দুপুর ১টার দিকে একাদশ শ্রেণির ছাত্র দাউদ ইব্রাহীমকে শহরের দুবাই প্লাজার কাছে একা পেয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়।কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের সভাপতি শুভ ঢালীর নেতৃত্ব ওই হামলায় অংশ নেন জহিরুল ইসলাম, বাধন, রিফাত ও ফাহিম। তারাও দ্বাদশ শ্রেণির ছাত্র।হাতুড়িপেটায় দাউদ ইব্রাহীমের বাম হাত ভেঙ্গে গেছে। আর ডান হাতের কনুইতে আঘাত পেয়েছেন। খবর পেয়ে সহপাঠিরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।