
নিউজ ডেস্কঃ অবশেষে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ০১ ফেব্রুয়ারি (শনিবার) নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রথমে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল ইসি। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে এ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে এ বৈঠকে নির্বাচন সংক্রান্ত যে কর্মকর্তারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উপস্থিত থাকতে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে। দুপুরে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানো আদৌ সম্ভব কিনা তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে, সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশনে অংশ নেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ওই দিন সকালে আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ এ তথ্য জানান।