News71.com
 Bangladesh
 18 Jan 20, 12:41 PM
 79           
 0
 18 Jan 20, 12:41 PM

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যু॥ প্রধানমন্ত্রীর শোক

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যু॥ প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে, গেল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

॥প্রধানমন্ত্রীর গভীর শোক॥

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।শোকবার্তায় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বলেও শোকবার্তায় জানানো হয়।এদিকে আবদুল মান্নান এমপির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন