
নিউজ ডেস্কঃ ৩০ বছর আগে সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যাকাণ্ডে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সংস্থাটি জানিয়েছে, ছিনতাই এর নাটক সাজিয়ে সগিরাকে হত্যা করা হলেও পারিবারিক কলহই হত্যাকাণ্ডের মূল কারণ। দীর্ঘ ৩০ বছর ধরে ঝুলে থাকা মামলার জট খুলে বৃহস্পতিবার জমা হলো চার্জশিট। পিবিআই এর তদন্ত কর্মকর্তা সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় চার্জশিট জমা দেন। এর আগে সকালে পিবিআই সংবাদ সম্মেলনে জানিয়েছে, অভিযুক্ত ৪ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দীর্ঘদিন ঝুলে থাকার পর আদালতের আদেশে গত বছর মামলা আসে পিবিআইএর হাতে। পিবিআই ডিআইজ বনজ কুমার মজুমদার বলেন, ‘সগিরা মোর্শেদ হত্যাকাণ্ডের ৩০ বছর পর আমরা প্রমাণ করতে পেরেছি যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। জবানবন্দীগুলো একটির সঙ্গে একটি সম্পর্কযুক্ত।
১৯৮৯ সালের ২৫ জুলাই সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদের রিকশা আটকিয়ে গুলি করে হত্যা করা হয়। ছিনতাই এর নাটক সাজিয়ে গুলি করা হলেও তদন্তে বেরিয়ে আসে এটি আসলে পারিবারিক কলহের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে জড়িত সগিরার ভাসুর, তার স্ত্রী, ভাসুরের শ্যালক ও মারুফ রেজা নামের এক ব্যক্তি। পিবিআই ডিআইজ বনজ কুমার মজুমদার বলেন, আমরা পরিকল্পিত হত্যাকাণ্ড প্রমাণ করতে পেরেছি এবং চার আসামির প্রত্যেকের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছি আদালতের কাছে। দীর্ঘদিন পর হলেও মামলার জট খোলায় স্বস্তি জানিয়ে ভুক্তভোগীর স্বামী চেয়েছেন সর্বোচ্চ বিচার। সগিরার স্বামী ও মামলার বাদী সালাম চৌধুরী বলেন, উনারা যে এত সুষ্ঠুভাবে একটা তদন্ত করেছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে। আশা করছি, আমরা একটা ন্যায্য এবং উপযুক্ত বিচার পাব। ৪ আসামির সবাই কারাগারে রয়েছে।