
নিউজ ডেস্কঃ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ আগামীকাল (বুধবার) সকাল ১১টার মধ্যে পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৭টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে এ ঘোষণা দেন জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস। এর আগে সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে। তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগে অবস্থান নেন। উৎপল বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তারিখ পরিবর্তনের দাবি জানালেও কমিশন কর্ণপাত করছে না। নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়ে তিনি বলেন, ‘এই সময়ের (বুধবার সকাল ১১টা) মধ্যে যদি নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন না করে তাহলে ১১টার পর দুর্নীতিবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে কমিশন কার্যালয়ের দিকে গণপদযাত্রা শুরু করা হবে এবং ইসি কার্যালয় ঘেরাও করা হবে।’ জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস বলেন, ‘আমরা মনে করি পূজার দিন ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক। আমরা এর নিন্দা জানাচ্ছি, আশা করছি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।’