
নিউজ ডেস্কঃ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরো ২ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১২) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪/৫ দিন তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এদিকে শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (১২ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। কাদের বলেন, সরকার থেকে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব করছেন। আশা করি এ শৈত্যপ্রবাহ বেশিদিন থাকবে না।