
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে শিশু তোফাজ্জল (৭) অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর শিশুটির ফুফু, ফুফা ও দুই চাচাসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান সন্দেহভাজন সাত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। কারাগারে প্রেরণকৃতরা হলেন- উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের চারাগাঁওয়ের সীমান্তগ্রাম বাঁশতলার কালামিয়ার ছেলে নিহত শিশু তোফাজ্জল হোসেনের ফুফা সেজাউল কবির, তার বাবা কালা মিয়া, সেজাউলের স্ত্রী (নিহতের ফুফু) শিউলি আক্তার, একই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হাবিবুর রহমান হবি, তার ছেলে সারোয়ার হাবিব রাসেল, জয়নাল আবেদীনের দুই ছেলে (নিহতের চাচা), লোকমান হোসেন ও সালমান হোসেন। এর আগে শিশু তোফাজ্জল হোসেনকে অপহরণ করে হত্যাকাণ্ডের অভিযোগ এনে তোফাজ্জেলের বাবা জুবায়ের হোসেন বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার (১১ জানুয়ারি) গভীর রাতে থানায় একটি মামলা দায়ের করেন।