
নিউজ ডেস্কঃ মন্ত্রিত্ব ছেড়ে ওবায়দুল কাদেরকে ঢাকার সিটি নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুল ইসলাম বলেছেন, মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। আসুন- আপনি নৌকার জন্য করেন, আমি ধানের শীষের জন্য করি। লেট আস ফেইস দ্য চ্যালেঞ্জ। দেখা যাক জনগণ কার দিকে থাকে।ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চলার মধ্যে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক সমাবেশে একথা বলেন ফখরুল।স্থানীয় নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচারে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি নিয়ে আপত্তি তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি মহাসচিব ভোটের প্রচার চালাতে পারলে তিনি কেন পারবেন না? ফখরুল বলেন, একশ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, আসেন এক সাথে নির্বাচন করি। তাহলেই পারবেন। আইন তো তাই বলে। আইন বলে যে, আপনি মন্ত্রী এবং এমপি থাকলে আপনি এটা পারবেন না।