
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, সংসদ সদস্যরা সিটি নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ছাড়া সবই করতে পারবেন।শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর তোফায়েল সাংবাদিকদের জানান, তারা নির্বাচনী বিধিমালার বিভিন্ন অসঙ্গতি ইসির কাছে তুলে ধরেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বাদে অন্য কমিশনাররা একমত হয়েছেন। তিনি জানান, সংসদ সদস্যরা ঘরোয়াভাবে অফিসে বসে বা কোনো বাসায় বসে মিটিং করতে পারবে। এতে কোনো বাধা নেই। তবে ভোট চাইতে পারবে না। নির্বাচন কমিশন এটা পরিষ্কার করেছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনী প্রচারণায় নামতে পারলেও আওয়ামী লীগের নেতারা তা পারছেন না- উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সংসদ সদস্যরা কিন্তু সুবিধাভোগী না। সুবিধাভোগী হলো অফিস অব প্রফিট যেটা এমপিরা পায় না; প্রধানমন্ত্রী, মন্ত্রী, হুইপ, স্পিকাররা পায়।