
নিউজ ডেস্কঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কোনো রকম অনিয়ম করা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র। গয়েশ্বর বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাতে তাদের ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। অন্যথায় আন্দোলন হবে। কারও নির্দেশের অপেক্ষায় আমরা থাকবো না। আসন্ন নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ওবায়দুল কাদের সাহেব বলছেন, আমরা নাকি হারার আগেই হেরে যাই। আপনার কথাটা তো অসত্য না। কারণ ৩০ তারিখের ভোটের ফলাফল যদি ২৯ তারিখে দেন, তাহলে তো আমাদের হারার আগে হারা ছাড়া বিকল্প পথ থাকে না। ‘আমরা হারার আগে হারি নাই, আমরা হারবো না। নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্রের আভাস যদি দেখা যায়, তাহলে এই নির্বাচন হবে আগামী দিনের সরকার পতন আন্দোলনের সূচনা। কোনো দিকনির্দেশনার অপেক্ষায় আমরা থাকবো না। সিদ্ধান্ত নেওয়ার জন্য কালক্ষেপণ না করে যেখানে যে অবস্থায় থাকবো সেখান থেকেই সিদ্ধান্ত নিয়ে নেবো।’ গয়েশ্বর হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, আমরা রাস্তায় নেমে পড়বো। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত ঘরে ফিরবো না। প্রয়োজনে লাশ হয়ে কবরে যাবো। দৃঢ়তা নিয়ে ঢাকা মহানগরের সব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আজকের মেয়রপ্রার্থী, প্রধান সেনাপতি তাবিথ আউয়াল।