
নিউজ ডেস্কঃ প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করোপরেশন নির্বাচনের প্রার্থীরা। শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজের পর মহল্লায় মহল্লায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এসময় আগামীতে ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তবে, আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। কমিশনের বিরুদ্ধেও একপেশে আচরণের অভিযোগ আনলেও, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এর আগে সকালে দলীয় প্রতীক ছাড়াও অন্যান্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
প্রতীক বরাদ্দের পরই, ডেমরায় ৭০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপস। কুশল বিনিময় করেন ভোটারদের সঙ্গে। পরে, সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে আগামীকে সচল ও ঐতিহ্যের ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। শেখ ফজলে নুর তাপস বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রতীক দিয়েছেন আপনাদের প্রাণপ্রিয় প্রতীক নৌকা। প্রতীক বরাদ্দ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। ইশরাক বলেন, বারবার অভিযোগ দেয়া স্বত্ত্বেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না।