
নিউজ ডেস্কঃ আজ শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমাকে ঘিরে তাবলিগ জামাতের বিরাজমান দুই পক্ষের মধ্যে কোনো সংঘাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ইজতেমায় আসা মানুষের নিরাপত্তা দিতে র্যাব প্রস্তুত রয়েছে জানিয়ে মানুষের নিরাপত্তার জন্য কার-মোটারসাইকেল-বোট পেট্রোলিংয়ের পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলে জানান তিনি। রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে ইজতেমার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের প্রধান। আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। বেনজীর আহমেদ বলেন, ‘এরই মধ্যে তুরাগ মাঠ ঘিরে নিরাপত্তায় কাজ শুরু করেছে র্যাব। আগামী তিন (১০-১২ জানুয়ারি) পুরোদমে মাঠে থাকবে র্যাব সদস্যরা। গাড়ি, মোটরসাইকেলে টহলের পাশাপাশি তুরাগ নদীতে স্পিড বোর্ড নিয়ে টহল থাকবে। এছাড়া আকাশে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে। খিত্তার ভেতর এবং বাইরে প্রয়োজনীয় সংখ্যক সাদা পোষাকে গোয়েন্দা দল মোতায়েন থাকবে। সার্বক্ষণিক র্যাবের কন্ট্রোল রুম থাকবে।
নজরদারি আরও বাড়াতে খিত্তা ও আশপাশে সিসিটিভি বসানো হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি, ডগ স্কোয়াড এবং ড্রোন থাকবে। তাছাড়া আপদকালীন কোন পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলার জন্য স্পেশাল অফিসাররা প্রস্তুত থাকবে। দুই পর্বের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যাচ্ছে। এছাড়া আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে। যারা কাজ করছে। যাতে কোথাও কোন ধরণের ঝুঁকি প্রতীয়মান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি। এটা ধারাবাহিক ভাবে আমরা করতে থাকবো। সকলের পরস্পর সহযোগিতায় দুই পর্বের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে প্রত্যাশা র্যাব ডিজির। ইজতেমার মাঠে ঢোকার জন্য ২০টি প্রবেশ পথ থাকবে বলে জানান র্যা ব প্রধান। এ সময় বিশ্ব ইজতেমা ঘিরে কোন ধরণের গুজব যাতে না ছড়ানো হয় সেজন্য সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। বেনজীর আহমেদ বলেন, ফেক এবং গুজব নিউজের কারণে অনেক সময় বড় ধরণের বিপদ চলে আসতে পারে। তাই যাচাই না করে কোন নিউজ শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।