
নিউজ ডেস্কঃ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ এই অধিবেশনে সংবিধানের নিয়মানুযায়ী ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের সব যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে জনজীবনে স্বস্তি বিরাজ করছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দুর্নীতি জুয়া, মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্সনীতি ব্যাপক সাফল্য পেয়েছে। এটা বিশ্বব্যাপী প্রশংসিতও হচ্ছে। মো. আবদুল হামিদ বলেন, ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়।
বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের সব যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে স্বাগত এবং খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানান। একইসঙ্গে ‘মুজিব শতবর্ষের’ শুভেচ্ছাও জানান স্পিকার। এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নূর। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৪টা থেকে সংসদ অধিবেশন বসবে। স্পিকার প্রয়োজনে অধিবেশনের সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ চলবে।