
নিউজ ডেস্কঃ রাস্তার চটপটি বিক্রেতার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ার চরম খেসারত দিতে হচ্ছে দশম শ্রেণির ছাত্রীসহ তার মাকে। প্রেমের প্রস্তাব, রাস্তায় যৌন হয়রানি করেই শুধু ক্ষান্ত হয়নি সেই বখাটে, মেয়ের সঙ্গে মাকেও যৌনকর্মী অপবাদ দিয়ে প্রকাশ্যে পোস্টার সাঁটিয়েছে এলাকায়। এতে চরম লজ্জা আর অপমানে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে ওই ছাত্রী, আর তার মা নিয়েছেন পুলিশের আশ্রয়।ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার এলাকায়। ছাত্রীর মা ক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতেই ছাত্রী বানিয়াচং থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বখাটে চটপটি বিক্রেতার ভাই সুমন মিয়াকে আটক করেছে। ঘটনার শিকার ছাত্রী বানিয়াচং উপজেলার আমবাগান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে। তার বাড়ি যাত্রাপাশা কান্দিপাড়া এলাকায়।
বিষয়টি জানার পর আমবাগান উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন খান পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার (৮ জানুয়ারি) সন্ধার পর জাহেদের ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। জানতে চাইলে আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় জানান, এ ব্যাপারে লিখিতভাবে ইউএনওকে জানানো হয়েছে। বখাটের শাস্তির দাবিতে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। মূল হোতা জাহেদকে আটক করতে অভিযান চলছে।