
নিউজ ডেস্কঃ এক বছরের মধ্যে দেশের সব হোটেল, মোটেল এবং রেস্তোরাঁয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সব উপকূলীয় অঞ্চলে পলিথিন/প্লাস্টিকের ব্যাগ বহন, বিক্রয়, ব্যবহার, বিপণন এ সময়ের মধ্যে নিষিদ্ধ করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ১১টি সংগঠনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সোমবার এই আদেশ দেন।এছাড়া পলিথিন ও দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ, কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে সরকারকে বলা হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর।