News71.com
 Bangladesh
 08 Jan 20, 11:21 AM
 113           
 0
 08 Jan 20, 11:21 AM

মার্কিন স্থাপনায় ইরানের হামলা॥ আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম

মার্কিন স্থাপনায় ইরানের হামলা॥ আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর হু হু করে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার ভোরে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ১২টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিবৃতির মাধ্যমে ওই ঘটনা জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, হামলার পর যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম অন্তত ৪ শতাংশ বেড়ে গেছে। মঙ্গলবার স্বাভাবিকভাবে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৬২.৭০ ডলার। সেখানে হামলার খবর ছড়িয়ে পড়ার পর কিছুক্ষণের মধ্যে ৬৫.৪৮ ডলারে উঠে যায় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম।

বুধবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান। ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ডের সদস্যরা মিসাইলগুলো ছোড়ে বলে ফার্স নিউজের খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের ‘আইন আল আসাদ’ মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর কিছুক্ষণ পরই ইরবিলে দ্বিতীয় হামলার খবর দেয়া হয়। একইসঙ্গে তেহরান হুঁশিয়ার করে বলে, মার্কিন বাহিনী পাল্টা হামলা করলে কঠোর জবাব দেয়া হবে। এরপরই ইরাকে দুটি সেনাঘাঁটি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খুব শিগগিরই হামলার বিষয়ে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়া হবে বলেও জানায় যুক্তরাষ্ট্র। ইরানি হামলার পরই জরুরি বৈঠকে বসে হোয়াইট হাউস। সেইসঙ্গে ইরাক, ইরান এবং পারস্য উপসাগরীয় এলাকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন